জানুয়ারি ৩, ২০২৬, ০২:৫৩ পিএম
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়া উদ্দিন যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান।
একই ঘটনায় তাঁর মনোনয়নপত্রের প্রস্তাবক মো. সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
এদিন দুপুর ১২টায় চট্টগ্রাম-৫ আসনের শুনানি শুরু হলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা আনিসুল ইসলাম মাহমুদকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন এবং তাঁর প্রার্থিতা বাতিলের দাবি জানান। একপর্যায়ে শিক্ষার্থীরা আনিসুলের প্রস্তাবক সালাউদ্দিনকে ধাওয়া দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি অভিযোগ করেন, আনিসুল ইসলাম মাহমুদ বিগত সময়গুলোতে আওয়ামী লীগের সাথে যোগসাজশে ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে এমপি হয়েছিলেন।
এবং হাটহাজারীতে বিরোধী দলের ওপর নির্যাতন চালিয়েছিলেন তাঁর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. হেদায়েত উল্লাহ মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করলেও নির্দিষ্ট কী কারণে তা বাতিল করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেননি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন