মোস্তাফিজুর রহমান
জানুয়ারি ৩, ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সংসদীয় আসনগুলোতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এই ঘোষণা দেন।
বাতিল হওয়া প্রার্থীদের তালিকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
আসনভিত্তিক বাতিলের তালিকা: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী): এখানে ১০ জন প্রার্থীর মধ্যে জনতার দলের মনজুরুল হক এবং স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান ও এস এম খাদেমুল ইসলাম খুদির মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ হয়েছেন ৭ জন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ): এই আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দের মনোনয়ন বাতিল করা হয়েছে। অন্য ৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি): এই আসনে সিপিবির শ্রী নিরমল, গণঅধিকার পরিষদের সামিউল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ ও সুজাউদ্দৌলা সাজুর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি ৭ জন বৈধ হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫টি আসনে মোট ৪৫ জন প্রার্থীর মধ্যে এ পর্যন্ত ১৬ জনের মনোনয়ন বাতিল হলো এবং ২৯ জন প্রার্থী বৈধ হিসেবে টিকে রইলেন।তফসিল অনুযায়ী, বাতিল হওয়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।