বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বাড়ির সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ১০:২৯ পিএম

বাড়ির সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে পুলিশ তদন্ত কেন্দ্রের কাছেই মুহাম্মদ জানে আলম (৪৮) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাটের সিকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ জানে আলম পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং রাউজান উপজেলা যুবদলের সদস্য ছিলেন। তিনি সিকদার বাড়ি এলাকার মৃত হামদু মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জানে আলম। বাড়ির সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন মুখোশধারী যুবক তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কাজ সেরে দ্রুতগতিতে মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যায় তারা।

গুলিবিদ্ধ অবস্থায় জানে আলম মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ এই ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, জানে আলম আমাদের বাড়িরই সন্তান। কেন তাঁকে এভাবে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হলো, তা নিয়ে আমরা হতবাক। আমরা এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের বিচার চাই।

পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেষ দাশ জানান, পুলিশ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের সহায়তা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।রাউজানের মতো গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ তদন্ত কেন্দ্রের কাছেই এমন প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।