বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিল বাস চালক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ১২:৩৮ পিএম

অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিল বাস চালক

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে আটক করে সাহসিকতার পরিচয় দিয়েছেন এক বাসচালক। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলেন আল-আমিন ও বিজয়। বিজয় সোনারগাঁ থানার মাঝেরচর এলাকার শাহজাহানের ছেলে এবং আল আমিন বরিশালের আবুল হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান মঙ্গলবার ভোরে ‘নিউ তিশা পরিবহন’-এর একটি বাস সাইনবোর্ড মোড়ে এসে থামে। এ সময় তিন ছিনতাইকারী বাসে উঠে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা চালায়।

পরিস্থিতি বুঝে বাসচালক অত্যন্ত কৌশলে ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে বাসের ভেতর আটকে ফেলেন। এরপর তিনি বাসটি না থামিয়ে সরাসরি শিবু মার্কেট এলাকায় নিয়ে আসেন।বাসটি জনাকীর্ণ এলাকায় পৌঁছালে চালক স্থানীয়দের সহায়তায় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

তবে এই ঘটনায় জড়িত তৃতীয় ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।বাসচালকের এমন উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেছেন স্থানীয় জনতা ও বাসের যাত্রীরা।