শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আবু সালেহ মো রায়হান 

জানুয়ারি ১১, ২০২৬, ০৬:১৪ পিএম

পঞ্চগড়ে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ছবি-দিনাজপুর টিভি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ বিন হাদী হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে সড়ক অবরোধ সরাতে গেলে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর সোয়া ২টায় ‘বাংলাদেশপন্থী শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত মানববন্ধন করে। পরে শিক্ষার্থীরা পঞ্চগড়-ঢাকা মহাসড়কের করতোয়া সেতুর প্রবেশমুখে অবস্থান নিয়ে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

অবরোধের ফলে মহাসড়কের দুপাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং তিন শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। পরে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার শুরু করলে এবং সেনাবাহিনী দ্রুত সড়ক সচল করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে সেনাবাহিনী লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। অন্যদিকে, পঞ্চগড় সেনাক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক জানান, জনভোগান্তি নিরসনে এবং যান চলাচল স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।