রাজ্জাক যুগান্তর সাংবাদিক
জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:২২ পিএম
রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর খোলাহাটি চৌত্রের মোড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল সাতটার দিকে স্থানীয়রা রাস্তার পাশে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে ওই নারীকে হত্যার পর লাশটি বস্তাবন্দী করে এখানে ফেলে গেছে। ইতোমধ্যে সিআইডি (CID)-এর একটি বিশেষজ্ঞ টিম লাশের পরিচয় শনাক্ত করতে আঙুলের ছাপসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, "লাশের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনে আমরা নিবিড় তদন্ত শুরু করেছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
অজ্ঞাত নারীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।