আবু সালেহ মো রায়হান
জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:১৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণসহ চার দফা দাবিতে চলা আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম ও জেলা প্রশাসনের মধ্যে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, বুধবারের ধারাবাহিকতায় আজ সকাল ১১টা থেকে পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আবারো অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।
দুপুর ১টার দিকে বিক্ষোভস্থলে উপস্থিত হন ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী সারজিস আলম ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন। তারা উত্তেজিত নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। পরবর্তীতে সারজিস আলম ও জোটের শীর্ষ নেতারা রিটার্নিং কর্মকর্তার সাথে দীর্ঘ বৈঠক করেন।
বৈঠকে সারজিস আলম নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং অবৈধ ব্যানার-ফেস্টুন দ্রুত অপসারণসহ জোটের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে দুপুর ২টার দিকে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সারজিস আলম।উল্লেখ্য, গত বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা একই স্থানে বিক্ষোভ করেছিলেন জোটের নেতাকর্মীরা। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আজ দ্বিতীয় দিনের মতো তারা রাজপথে অবস্থান নিয়েছিলেন।