বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস উল্টে আহত ১৫

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৫:৫১ পিএম

গোবিন্দগঞ্জে মহাসড়কে বাস উল্টে আহত ১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন হ্যামকো ব্যাটারির শোরুম ও উত্তরা ফ্লাওয়ার মিলস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘মামুন এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) নামের বাসটি দ্রুতগতিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের মাঝে থাকা একটি বালুর ঢিবির সামনে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে চিৎকার শুরু করেন।

দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা বাসের ভেতর থেকে আহত ১৫ জন যাত্রীকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—অতিরিক্ত গতি অথবা চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। তবে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপে বাসটি রাস্তা থেকে সরিয়ে নিলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।