ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৫৬ পিএম
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে নওগাঁয় এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে এই সাজা দেওয়া হয়।
বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর সংক্ষিপ্ত বিচার শেষে এই রায় প্রদান করেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোররাত ৪টার দিকে নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে অবস্থিত জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ করার সময় লিটন কুমার চৌহানকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা।
পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক লিটন শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনির বাসিন্দা। নির্বাচনি অনুসন্ধান কমিটি জানায়, নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার মাধ্যমে তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জামায়াতের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখার দাবি জানানো হয়েছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচনি কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। অনিয়মের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন