রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে: মির্জা ফখরুল

রবিউল এহ্সান রিপন

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:২৯ পিএম

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনুকূলে: মির্জা ফখরুল

ছবি-দিনাজপুর টিভি

দীর্ঘ ১৬ বছর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের পর বর্তমানে নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের পথ সুগম হবে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "বিগত ১৬ বছর আমরা গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছি। আমাদের মূল প্রত্যাশা হলো ভোটের মাধ্যমে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হবে।

নির্বাচনে কারচুপির বিষয়ে আশঙ্কার কথা জানিয়ে মহাসচিব বলেন, এবারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা দেখছি না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।" তিনি আরও যোগ করেন, ঠাকুরগাঁওয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সফর ইতিবাচক প্রভাব ফেলেছে।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি বলেন, "আমরা কোনো নির্বাচনকেই ছোট করে দেখি না এবং প্রতিপক্ষকে দুর্বল মনে করি না। জামায়াতসহ অন্যান্য দলগুলো বিভিন্ন কৌশলে প্রচার চালাচ্ছে। অনেক সময় ভুয়া নিউজ ছড়ানো হয়, তবে আমরা ইতিবাচক রাজনীতি করছি।" ভোটারদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং যাকে খুশি তাকে ভোট দেবেন।এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।