রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে ৪১৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ২০১ টি ঝুকিপূর্ণ

রবিউল এহ্সান রিপন

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:৫০ পিএম

ঠাকুরগাঁওয়ে ৪১৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ২০১ টি ঝুকিপূর্ণ

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে ভোটকেন্দ্রের নিরাপত্তার হিসেবে দেখা গেছে, জেলার ৪১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২০১টি কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ভোট নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ৯২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ঠাকুরগাঁও-২ আসনে ১০৪টি কেন্দ্রের মধ্যে ৪৬টি এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১২৮টি কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মাঘের শীত উপেক্ষা করে প্রচারণায় উৎসবের আমেজ থাকলেও সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, বিগত নির্বাচনের সহিংসতার স্মৃতি যেন ফিরে না আসে, সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালন করতে হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ তৎপর রয়েছে। আমরা একটি উৎসবমুখর ভোট উপহার দিতে চাই।

উল্লেখ্য, জেলার তিনটি আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মাদক ও অনলাইন জুয়া নির্মূল করবেন এমন জনপ্রতিনিধিই বেছে নিতে চান ঠাকুরগাঁওয়ের মানুষ।