শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

খুলনায় জামায়াত সমর্থকের বাড়িতে গভীর রাতে আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:৪১ পিএম

খুলনায় জামায়াত সমর্থকের বাড়িতে গভীর রাতে আগুন

খুলনায় ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করছেন নেতৃবৃন্দ

খুলনার আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী গ্রামে শনিবার দিবাগত গভীর রাতে এক জামায়াত সমর্থকের বাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের অন্তর্গত এই এলাকার বাসিন্দা শোকর আকুঞ্জীর বাড়িতে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আজ রোববার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ওই আসনের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

স্থানীয় জামায়াত নেতাদের দাবি, আটরা-গিলাতলা ইউনিয়নে ‍‍`দাঁড়িপাল্লা‍‍` প্রতীক ধানের শীষের চেয়ে দ্বিগুণ ভোট পেলেও পুরো আসনে ধানের শীষকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং দাঁড়িপাল্লার সমর্থকদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। 

ভুক্তভোগী শোকর আকুঞ্জীর বড় ছেলে রমজান আকুঞ্জি জামায়াতের ইউনিট সভাপতি এবং ছোট ছেলে আব্দুর রাজ্জাক ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃদ্ধ শোকর আকুঞ্জি জানান, দ্রুত টের পাওয়ায় তারা প্রাণে বেঁচে গেছেন, নতুবা পরিবারের সবাইকে পুড়ে মরতে হতো।

মিয়া গোলাম পরওয়ার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান। তাঁর সাথে জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানিয়েছেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।