ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:৩০ পিএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন উদ্দীপনায় কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উল্লাস দেখা গেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে পীরগঞ্জ পৌর শহরের লিচু তলাস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
এরপর উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ দলীয় পতাকা উত্তোলন করেনপতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আরও ২৫-৩০ জন নেতাকর্মী।
এ সময় নেতৃবৃন্দ বলেন, এই পতাকা উত্তোলন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। তারা আরও জানান, এখন থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে পীরগঞ্জে দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন