শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

কাল থেকে মিলবে ঈদের ট্রেনের টিকিট, জানুন বিস্তারিত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২, ২০২৬, ১১:৩২ এএম

কাল থেকে মিলবে ঈদের ট্রেনের টিকিট, জানুন বিস্তারিত

ঈদ যাত্রায় প্রস্তুত রেল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম দিন ১৩ মার্চের টিকিট দেওয়া হবে। এবারও ঈদ যাত্রার শতভাগ টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কেনা যাবে। রেলওয়ের পূর্বাঞ্চলীয় রুটের টিকিট দুপুর ২টা এবং পশ্চিমাঞ্চলীয় রুটের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। 

মূলত সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে এবং টিকিট প্রাপ্তিতে বিড়ম্বনা এড়াতে এই ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করা হয়েছে।রেলওয়ে সূত্র জানিয়েছে যে আগামী ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট। 

ধারাবাহিকভাবে ৫ মার্চ ১৫ তারিখের, ৬ মার্চ ১৬ তারিখের, ৭ মার্চ ১৭ তারিখের, ৮ মার্চ ১৮ তারিখের এবং ৯ মার্চ ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হবে। নিরাপদ ও আরামদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে এবার ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থাও রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র শোলাকিয়া ঈদগাহ ময়দানে জামাতের সুবিধার্থে ভৈরব বাজার ও কিশোরগঞ্জ রুটে বিশেষ ট্রেন চলাচল করবে।

রেলওয়ের মহাপরিচালক জানিয়েছেন যে ঈদ যাত্রায় সিডিউল বিপর্যয় ঠেকাতে অতিরিক্ত ইঞ্জিন প্রস্তুত রাখার পাশাপাশি যাত্রী নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া চট্টগ্রাম পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি নতুন সংস্কারকৃত কোচ নিয়মিত সার্ভিসে যুক্ত করা হচ্ছে যা বাড়তি যাত্রীচাপ সামাল দিতে সহায়ক হবে। অনলাইনে সব টিকিট শেষ হয়ে গেলেও যাত্রা শুরুর দিনে কাউন্টার থেকে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সংগ্রহের সুযোগ থাকবে। কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে এবার সর্বোচ্চ যাত্রীসেবা প্রদান নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।