শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনি: নিহত ১, আহত ৭

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২, ২০২৬, ১২:৪১ পিএম

পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনি: নিহত ১, আহত ৭

গণপিটুনিতে ১ ডাকাত নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার ভোর রাতে এই ঘটনা ঘটে। উত্তেজিত জনতা ডাকাত দলের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি পিকআপ ভ্যানে করে ৮ জনের একটি দল দেশীয় অস্ত্র এবং তালা কাটার সরঞ্জাম নিয়ে পলাশী গ্রামে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসী চারদিক থেকে ঘেরাও করে তাদের আটকে ফেলে। 

এ সময় ডাকাত সন্দেহে তাদের ওপর গণপিটুনি শুরু হয়। বিক্ষুব্ধ জনতার মারধরে সবাই আহত হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভোর রাতে তালা কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশের সময় ডাকাত দলটিকে জনতা ধরে ফেলে। গণপিটুনিতে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি ৭ জন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।" পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে।

পুলিশ আরও জানিয়েছে যে, এই ঘটনায় দ্রুত একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। আহতরা সুস্থ হওয়ার পর তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হবে। ডাকাতিরোধে গ্রামবাসীর সচেতনতাকে সাধুবাদ জানালেও আইন নিজের হাতে না তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।