মার্চ ৩, ২০২৬, ০১:১২ পিএম
ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে শুরু হওয়া এই মারামারিতে অন্তত নয়জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।আহত শিক্ষার্থীরা হলেন ইমরান হোসেন, মারুফ মিয়া, নুরুল হক, আতিকুর রহমান, আরিফুল ইসলাম, গোলাম ওহিদ, আলামিন, সরোয়ার ও নাঈম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভোররাতে আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসার পর তারা হাসপাতাল ত্যাগ করেছেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, লতিফ ছাত্রাবাসে দুই ছাত্র সংগঠনের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে পুরো ছাত্রাবাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে আহতদের খোঁজখবর নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন