মার্চ ৩, ২০২৬, ০৮:৩৪ পিএম
ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক হবে না। মঙ্গলবার কুমিল্লার স্টেশন ক্লাবে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির ১০ দিনব্যাপী কর্মসূচির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্কের বিষয়টি বিবেচনা করার আগে অবশ্যই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং শেখ হাসিনাসহ শহীদ উসমান হাদীর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।
বক্তব্যের একপর্যায়ে নাহিদ ইসলাম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণভোটের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, দেশের মানুষ গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার পরও সেই রায়কে আদালতে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। গণভোটের বৈধতাকে চ্যালেঞ্জ করার চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না।
যদি গণভোটের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তবে তারা পুনরায় রাজপথে নামতে বাধ্য হবেন। বর্তমান জাতীয় সংসদ ও সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থানই বর্তমান আদালত ও নির্বাচনের প্রধান বৈধতা।সংবিধান নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, যদি পুরনো সংবিধানের দোহাই দেওয়া হয়, তবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হয়। বর্তমান সরকার তা মেনে নিতে প্রস্তুত কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। জল ঘোলা না করে দ্রুত সংস্কার ও বিচার কার্যক্রম বাস্তবায়ন করার ওপর জোর দেন নাহিদ ইসলাম।
কুমিল্লার নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে তিনি বলেন, এই মাটি থেকেই অনেক কেন্দ্রীয় নেতা তৈরি হয়েছে। চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা থেকে যেভাবে নেতৃত্ব দেওয়া হচ্ছে, কুমিল্লাবাসীকেও স্থানীয়ভাবে সেই দায়িত্ব পালন করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে অপপ্রচারের নিন্দা জানান। তিনি ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ৫ আগস্টের পর তিনি হাল ধরেছিলেন বলেই বাংলাদেশকে কেউ জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে পারেনি।
ইফতার মাহফিলে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার গঠন করেছে বিএনপি কিন্তু গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। সংস্কার নিয়ে কোনো চোর-পুলিশ খেলা তারা মেনে নেবেন না। নাবিদ নওরোজ শাহের সঞ্চালনায় ও মো. আতাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ও এবি পার্টির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন