বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

অবৈধভাবে মাটি কাটলে কাউকে ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০৮:৪৯ পিএম

অবৈধভাবে মাটি কাটলে কাউকে ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ

বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মাদক, অবৈধ মাটি কাটা এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। মঙ্গলবার সকালে দেবিদ্বারের মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। 

তিনি স্পষ্ট করে বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না এবং অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন।

বক্তব্যের একপর্যায়ে হাসনাত আব্দুল্লাহ গোমতী নদীর চরের মাটি কাটার ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, অপরিকল্পিতভাবে মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে, যার ফলে বাঁধ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে প্রতি বছর বন্যায় ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সরকারকে কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। 

গুটিকয়েক মানুষের ব্যক্তিগত স্বার্থের কারণে সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফসলি জমির উপরিভাগের মাটি বা টপসয়েল কাটার ফলে কৃষি জমির যে দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে, সে বিষয়েও তিনি কৃষকদের সতর্ক করেন।এলাকার ২২টি ইটভাটার অধিকাংশেরই লাইসেন্স নেই উল্লেখ করে সংসদ সদস্য বলেন, যারা নিয়ম মেনে এবং ট্যাক্স দিয়ে ব্যবসা করছেন তাদের বাদ দিয়ে বাকি সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি মনে করেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে। 

জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি কোনো প্রভাবশালী গোষ্ঠী বা ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ নন বরং সাধারণ মানুষের কাছেই তার জবাবদিহিতা। নদী-খাল পুনঃখনন ও নাব্যতা ফিরিয়ে আনার মাধ্যমে কৃষি খাতকে টিকিয়ে রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দীর্ঘ ৩৩ বছরের সামাজিক কার্যক্রমের প্রশংসা করে তিনি প্রতিটি গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করতে পারলে মাদক ও সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন। মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সোলাইমান কবির মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা ও দেবিদ্বার উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এলাকার পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।