বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে বিশেষ অভিযান

আবু সালেহ মোঃ রায়হান

মার্চ ১৪, ২০২৬, ০৪:৫৫ পিএম

পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে বিশেষ অভিযান

ডেঙ্গু বিরোধী র‍্যালি ও অভিযান -ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এডিস মশার বিস্তার রোধ এবং সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

কর্মসূচির শুরুতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সিভিল সার্জনের নেতৃত্বে হাসপাতাল চত্বরে প্রতীকী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়, যেখানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা, আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকবৃন্দ, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, "ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিদিনের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এখন থেকে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে যাতে করে আমরা এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধ করতে পারি।" তিনি সাধারণ মানুষকে তাদের ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।