মার্চ ১৫, ২০২৬, ০৯:৫৪ এএম
পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা সহজ করতে বাংলাদেশ রেলওয়ে আজ ফিরতি যাত্রার তৃতীয় দিনের আগাম টিকিট বিক্রি করছে। আজ রোববার সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ২৫ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট। যাত্রীদের ভিড় এবং কাউন্টারে দীর্ঘ প্রতীক্ষার ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট উন্মুক্ত করা হবে।
সম্প্রতি রেল ভবনে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতিটি যাত্রী তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে ঈদযাত্রার এই বিশেষ টিকিটগুলো কোনোভাবেই ফেরত বা রিফান্ডযোগ্য হবে না।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় নিয়ে সাধারণ কোচের মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট হিসেবে বরাদ্দ রাখা হয়েছে। এই বিশেষ টিকিটগুলো কেবলমাত্র যাত্রা শুরুর দিন প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।আগামী ১৬ মার্চ ২৬ মার্চের টিকিট এবং ক্রমান্বয়ে ১৯ মার্চ পর্যন্ত ২৯ মার্চের টিকিট বিক্রি কার্যক্রম চলবে।
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০ ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের কারিগরি দল সার্বক্ষণিক অনলাইন সার্ভার পর্যবেক্ষণ করছে যাতে যাত্রীরা কোনো বিড়ম্বনা ছাড়াই টিকিট সংগ্রহ করতে পারেন। স্টেশনে শৃঙ্খলা বজায় রাখতে এবং কালোবাজারি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলওয়ের নিরাপত্তা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন