রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে হায়াতুনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৬, ০৯:৪১ পিএম

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে হায়াতুনের ইফতার মাহফিল

সাংবাদিকদের সাথে ইফতারে হায়াতুন আলম -ছবি-দিনাজপুর টিভি

পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করেন পঞ্চগড় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হায়াতুন আলম। অনুষ্ঠানে জেলা শহর ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

ইফতারের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় বক্তারা সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি মোশারফ হোসেন এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদসহ স্থানীয় সংবাদকর্মীরা। 

বক্তারা এই ধরণের আয়োজনের মাধ্যমে সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ হায়াতুন আলম উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পঞ্চগড় পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমৃদ্ধ পৌরসভা হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা জানান। 

এই লক্ষ্য বাস্তবায়নে তিনি গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।ইফতার মাহফিলের শেষ অংশে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও রাজনগর মসজিদের খতিব হাফেজ মীর মোর্শেদ তুহিন। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য ও পঞ্চগড়বাসীর সার্বিক উন্নতি প্রার্থনা করা হয়।