মার্চ ২২, ২০২৬, ০৮:৪০ পিএম
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।
তাঁরা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সিংলাবো এলাকার ইয়ামিন এবং আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার উজ্জ্বল বিশ্বাস। ইয়ামিন স্থানীয় গাউসিয়া মার্কেটে স্টার টেইলার্সের মালিক ছিলেন এবং উজ্জ্বল বিশ্বাস একটি জুতা কারখানায় কর্মরত ছিলেন।
মহিপাল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলছিল। ব্রিজের আগে থাকা একটি স্পিডব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হওয়ার সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের জট লেগে যায়। ঠিক সেই মুহূর্তে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা জটলার ওপর তুলে দিলে এই বড় ধরনের সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।নিহতদের স্বজনরা জানিয়েছেন, ঈদের ছুটিতে তাঁরা বন্ধুরা মিলে মোটরসাইকেল নিয়ে সমুদ্র দেখার উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন।
কিন্তু ফেনীতে পৌঁছাতেই ঘাতক বাস তাঁদের স্বপ্ন কেড়ে নেয়। রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. সাবজেল হোসেন জানিয়েছেন, যেহেতু ঘটনাস্থল ফেনী, তাই পরিবারের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নিতে চাইলে তা সংশ্লিষ্ট হাইওয়ে থানায় গ্রহণ করতে হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন