মার্চ ২৮, ২০২৬, ০১:৫৬ পিএম
ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণে শৃঙ্খলা ফেরাতে এবং জনদুর্ভোগ কমাতে কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি ও সংকট নিরসনে গৃহীত এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জেলা প্রশাসকের (ডিসি) বিশেষ কার্ড ছাড়া জ্বালানি তেল সংগ্রহ করা যাবে না।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিং স্টেশন এবং অনুমোদিত ডিলার ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি ফিলিং স্টেশন ও ডিলারকে প্রতিদিন তেল বিতরণের পূর্বে তাদের মজুদের তথ্য জনসম্মুখে প্রদর্শন করতে হবে।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, কোনো অবস্থাতেই বোতল, ড্রাম কিংবা কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি করা যাবে না। তবে কৃষিকাজ ও সেচ কাজের প্রয়োজনীয়তা বিবেচনা করে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদিত বিশেষ কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ তেল সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
এছাড়া মোটরসাইকেলসহ সকল যানবাহনের ক্ষেত্রে জ্বালানি তেল নিতে হলে চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনসহ বৈধ কাগজপত্র সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে পাম্প কর্তৃপক্ষকে এই কাগজপত্র প্রদর্শন করতে হবে।মোটরসাইকেলের জন্য জ্বালানি সরবরাহে বিশেষ সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের তেল নেওয়া যাবে।
এই সময়ের বাইরে মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বলে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়। নির্দেশনায় আরও বলা হয়েছে, ফিলিং স্টেশন ও ডিলার কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নির্দিষ্ট সারিতে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন