মার্চ ২৮, ২০২৬, ০৪:০৭ পিএম
নওগাঁর পত্নীতলা উপজেলায় গমের মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে আশরাফ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টার দিকে উপজেলার শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
এই একই ঘটনায় আরও চারজন কৃষক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল।
কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকায় ফসলের সম্ভাব্য ক্ষতি এড়াতে ভোরেই মাঠে কাজ করতে নামেন আশরাফ আলীসহ পাঁচজন কৃষক। গম কাটার এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত তাদের ওপর পড়লে সবাই আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে আশরাফ আলীর মৃত্যু হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়ে কৃষকের প্রাণহানি ঘটেছে। আহত বাকি চারজনকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
আবহাওয়া অধিদপ্তর গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে আসছিল। উত্তরবঙ্গের জেলাগুলোতে এই সময়ে কালবৈশাখীর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে খোলা মাঠে কাজ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল ও প্রশাসন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন