মার্চ ৩০, ২০২৬, ১০:৩৩ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাসিক সমন্বয় সভা এবং আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জননিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক রিপামনি দেবীর সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান এবং উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ।
এ সময় আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার রহমান এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। বিজিবির পক্ষ থেকে বর্ষালুপাড়া বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম এবং গিরাগাঁও বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার ইসমাইল সভায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহের এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থেকে নিজ নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্পসমূহ এবং সরকারি সেবা কার্যক্রম নিয়ে সভায় তথ্য প্রদান করেন। আলোচনায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে অবৈধ ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো নিয়ন্ত্রণ এবং জ্বালানি তেলের সংকট নিরসনের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। একই সঙ্গে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বজায় রাখার আহ্বান জানান কমিটির সদস্যরা। সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।
সভার শুরুতে গত ২৭ মার্চ দিবাগত রাতে উপজেলায় আঘাত হানা ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। ঝড়ে ফসলের পাশাপাশি ঘরবাড়ির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সে বিষয়ে সভায় দুঃখ প্রকাশ করা হয়। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন