এপ্রিল ২, ২০২৬, ১২:৪০ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিজ বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুযানীজোত এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে এই ঝটিকা অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ব্যবসায়ীর ঘর থেকে ৩২০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে।
বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বাবুয়ানীজোত এলাকায় অভিযানে নামেন। অভিযান চলাকালে মামুনের বসতবাড়ির একটি কক্ষ থেকে মজুতকৃত ড্রাম ভর্তি ডিজেল উদ্ধার করা হয়।
তবে জব্দকৃত তেলের বিপরীতে কোনো বৈধ ক্রয় রশিদ বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি তিনি।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামুন দাবি করেছিলেন যে, নিজের ট্রাক্টরের জন্য তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে এই তেল সংগ্রহ করেছেন। তাঁর দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে রাতেই তাঁকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হয়। তবে পাম্প কর্তৃপক্ষের তথ্যের সাথে মামুনের দাবির কোনো মিল পাওয়া যায়নি।
অবশেষে কোনো প্রমাণ দেখাতে না পেরে তিনি অবৈধভাবে তেল মজুদের বিষয়টি স্বীকার করে নেন। এরপরই জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনার সময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক মনি সংকর, রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম এবং স্থানীয় ইউপি সদস্য রমজান আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের পকেট কাটার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনভোগান্তি লাঘবে প্রশাসনের এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশি পাহারায় জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন