শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ফুয়েল কার্ডে ফিরল শৃঙ্খলা, কাটছে না চালকদের দুর্ভোগ

রবিউল এহ্সান রিপন

এপ্রিল ৫, ২০২৬, ০২:৪৩ পিএম

ফুয়েল কার্ডে ফিরল শৃঙ্খলা, কাটছে না চালকদের দুর্ভোগ

ঠাকুরগাঁওয়ে তেলের জন্য দীর্ঘ লাইন ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন এই পদ্ধতিতে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও সাধারণ চালকদের ভোগান্তি এখনো কমেনি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য।জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, রোববার থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। 

এই নিয়ম বাস্তবায়নে ৫ এপ্রিল জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

অনেকেই তেলের আশায় ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেছে।প্রথম দিনে চালকদের ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও অনেক স্টেশনে মাত্র ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

এতে মোটরসাইকেল চালকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।স্থানীয় বাইক চালকরা জানান, ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে না। কখন তেল পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। এতে তাদের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে এবং রোদের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষায় চরম কষ্ট হচ্ছে।এদিকে ফুয়েল কার্ড ছাড়া অনেক চালক তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। প্রশাসনের কড়াকড়ির কারণে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও তেলের জন্য মানুষের এই দীর্ঘ অপেক্ষা দুর্ভোগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা বা তেলের পাম্পে জটলা হওয়ার আশঙ্কা নেই। কার্ড থাকার কারণে এখন নিয়ম মেনে প্রকৃত গ্রাহকদের কাছে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে।রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা তৈরি হতো। এখন কার্ড বাধ্যতামূলক করার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ফিলিং স্টেশনে তদারকির দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান জানান, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সচেষ্ট রয়েছেন।

তবে সাধারণ চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না। সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। অন্যথায় শৃঙ্খলা ফিরলেও মানুষের ভোগান্তি কাটবে না।