এপ্রিল ৮, ২০২৬, ১০:৫০ পিএম
পঞ্চগড়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। বুধবার পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন প্রান্তের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের হাতে তৈরি বিজ্ঞানের নানা উদ্ভাবন মেলা প্রাঙ্গণকে মুখর করে তোলে।
এবারের মেলার বিশেষ বৈশিষ্ট্য ছিল জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী নানা প্রজেক্ট। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী চিন্তায় দারুণ সব প্রজেক্ট প্রদর্শন করে। কেউ প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল তৈরির কৌশল দেখিয়েছে, কেউ আবার ব্যাকটেরিয়া ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পথ বাতলে দিয়েছে। শিক্ষার্থীদের এমন সৃজনশীলতা দেখে আগত দর্শনার্থী ও অভিভাবকরা মুগ্ধ হন।
মেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং এর সুফল নিয়েও একাধিক প্রজেক্ট ছিল প্রদর্শনীতে। এর পাশাপাশি ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি রকেট ও তথ্য প্রযুক্তির নানা আধুনিক সংস্করণ দর্শকদের বাড়তি আকর্ষণ কেড়ে নেয়। শিক্ষার্থীরা তাদের প্রজেক্টের কার্যকারিতা ও পরিবেশগত গুরুত্ব বিচারকদের সামনে তুলে ধরে।
পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান মেলা পরিদর্শন শেষে নিজের বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের এসব উদ্ভাবন দেখে আমরা সত্যিই আনন্দিত। এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনের বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে নেবে। তাদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।
প্রতিযোগিতা শেষে মেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। তবে মেলার আনন্দ ছাপিয়ে শিক্ষার্থীদের কণ্ঠে ছিল বিজ্ঞান চর্চার সুযোগ বাড়ানোর আকুতি। অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান চর্চার সুযোগ এখনো সীমিত। প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ আরও বাড়াতে সরকারি উদ্যোগের দাবি জানান তারা।
বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতি বছরই এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। মেলা প্রাঙ্গণে উপস্থিত শিক্ষকগণ মনে করেন, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই ক্ষুদে বিজ্ঞানীদের হাত ধরেই দেশে জ্বালানি সংকটের উদ্ভাবনী সমাধান আসা সম্ভব। মূলত তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলাই ছিল এই মেলার মূল লক্ষ্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন