বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
প্রতিমন্ত্রী

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৬, ১১:০৭ এএম

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী | ছবি-দিনাজপুর টিভি

বিরোধী দল জুলাই সনদ নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি জানিয়েছেন, সরকার এই সনদের প্রতিটি শব্দ এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

রবিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে স্পষ্ট করেছেন যে জুলাই সনদে যতগুলো কথা বা অক্ষর রয়েছে, তার প্রতিটি সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বর্তমান সরকারকে একটি গণতান্ত্রিক সরকার হিসেবে অভিহিত করেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের পৌনে ১৩ কোটি মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘ সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে।

দলীয় নেতৃত্বের বিষয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তাদের দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচনে প্রত্যক্ষভাবে প্রায় ৫১ শতাংশের বেশি মানুষ ভোট দিয়ে তাদের সরাসরি সমর্থন জানিয়েছেন। এই গণসমর্থনকে ধারণ করেই বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় এবং মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল হোসেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, জিপি আব্দুল বারি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পঞ্চগড় প্রেসক্লাবের সদস্যসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই সময় উপস্থিত ছিলেন।