শহিদুল ইসলাম
এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
নীলফামারী সদরের কানিয়ালখাতা দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দুই প্রবীণ শিক্ষককে হুডখোলা গাড়িতে চড়িয়ে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছে প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দীর্ঘ কয়েক দশকের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে সোমবার সকালে এক আবেগঘন পরিবেশে মাদ্রাসা`র সহ-সুপার মোহাম্মদ আলী সিরাজী ও সিনিয়র শিক্ষক বাবু জাদব চন্দ্র রায়কে এই বিশেষ সম্মান প্রদান করা হয়।
প্রিয় শিক্ষকদের এমন নজিরবিহীন বিদায়ী আয়োজন দেখে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে এক অন্যরকম আবেগ সৃষ্টি হয়।আজ সোমবার ১৩ এপ্রিল সকাল ১১টায় মাদ্রাসা মাঠে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা সুপার ছাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানিয়ালখাতা দাখিল মাদ্রাসার সভাপতি ড. মোহাম্মদ খায়রুল আনাম। এ সময় অনুষ্ঠানে মাদ্রাসার সহ-সভাপতি মিজানুর রহমান, হামিদুল ইসলাম, আজিমউদ্দিন ও সোলেমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী দুই শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা ও সততার ভূয়সী প্রশংসা করেন।বিদায়বেলায় সহ-সুপার মোহাম্মদ আলী সিরাজী অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ১৯৮৬ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি স্থানীয় একটি মসজিদে দীর্ঘ ৩৫ বছর ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই ইমামতি করেছেন। তিনি বলেন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে যেভাবে রাজকীয় সম্মানে বিদায় দিল, তা তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এই ভালোবাসা চিরকাল হৃদয়ে অম্লান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রিয় শিক্ষকদের বিদায়লগ্নে বর্তমান ও সাবেক অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, চাকরির নিয়ম অনুযায়ী শিক্ষকরা অবসরে যাচ্ছেন ঠিকই, কিন্তু তাদের আদর্শ ও শিক্ষার আলো শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। তাদের শূন্যস্থান পূরণ করা সহজ হবে না বলে মনে করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে দুই শিক্ষককে ফুলে সজ্জিত হুডখোলা গাড়িতে চড়িয়ে এলাকা ঘোরানো হয় এবং সম্মানের সাথে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। শিক্ষকদের এমন রাজকীয় বিদায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষকদের এমন সম্মান প্রদান সমাজে এই মহান পেশার মর্যাদা আরও বাড়িয়ে তুলবে।