বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নি‍‍`হত ৭

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৯:৩৭ এএম

কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নি‍‍`হত ৭

কুমিল্লায় ট্রাক খাদে নিহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনায় সাতজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। সোমবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।

নিহতরা হলেন দিনাজপুরের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)। 

তারা সবাই শ্রমিকের কাজ করতেন এবং দুর্ঘটনার সময় ট্রাকটির উপরে অবস্থান করছিলেন বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছেন, চালবোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে হাসানপুর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি রাস্তার পাশে গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা যাত্রীরা ভারী চালের বস্তার নিচে চাপা পড়েন, যার ফলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানিয়েছেন, ট্রাকটিতে চালের বস্তার ওপর বসে মোট ১৩ জন যাত্রী ভ্রমণ করছিলেন। ট্রাকটি খাদে পড়ে গেলে তারা সবাই মালামালের নিচে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ক্রেন ব্যবহার করে ট্রাকটি সরিয়ে মরদেহগুলো উদ্ধার করে বর্তমানে থানায় রাখা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হতে পারে। পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দিনাজপুরের ৭ শ্রমিকের এমন অকাল মৃত্যুতে পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।