এপ্রিল ১৪, ২০২৬, ০৪:৫৩ পিএম
আগামী জুন মাসের মধ্যে দেশের সাধারণ মানুষের জন্য ‘হেলথ কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একইসঙ্গে সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্যে আগামী অর্থ বছরের বাজেটে এই খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলা উদ্বোধনের পর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, নতুন বছরে আমরা জাতিকে একটি আধুনিক ও সেবাধর্মী রাষ্ট্র হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজ সারাদেশে কৃষকদের যেমন ‘কৃষক কার্ড’ দেওয়া হচ্ছে, তেমনি স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে।
বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বিশেষ বরাদ্দ, টিআর-কাবিখা এবং খাল খনন কর্মসূচির মতো নানামুখী উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত মজবুত করা হচ্ছে।দেশের বর্তমান হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় ইতোমধ্যে ৩০টি উপজেলা ও বিভিন্ন সিটি কর্পোরেশনে হামের প্রাদুর্ভাব রোধে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী শিশুদের হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও বলেন, আমাদের সময়োচিত পদক্ষেপের কারণে হামের গতিরোধ করা সম্ভব হয়েছে এবং মৃত্যুহারও অনেক কমে এসেছে। আশা করা যাচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এবং পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান। এছাড়াও স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে দিনব্যাপী লোকজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। এরপর বিকেলে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন