বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ১০:৫১ এএম

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

দুমড়েমুচড়ে গেছে ঢাবির বাস

রাজধানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ নামের একটি বাস। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার ও মগবাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে গেছে এবং বাসের ভেতরে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসটি মগবাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় হঠাৎ চাকা ফেটে যায় (টায়ার ব্লাস্ট)। 

এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সামনে থাকা একটি মাইক্রোবাসে সজোরে ধাক্কা দেয় এবং ফ্লাইওভারের পিলারের সাথে সংঘর্ষ ঘটে। বাসের সামনের অংশে বসে থাকা শিক্ষার্থীদের আঘাত ছিল সবচেয়ে গুরুতর। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও অন্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর ঢাবি শিক্ষার্থী সংসদ নামক ফেসবুক গ্রুপে রেজওয়ান আহমেদ রিফাত নামে এক শিক্ষার্থী জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হলি ফ্যামিলি হাসপাতাল, ইনসাফ বারাকাহ এবং শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, তিনিসহ ডাকসু প্রতিনিধিরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করছেন। তিনি উল্লেখ করেন, বাসের চাকা ফেটে যাওয়ায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিকভাবে ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি নিজে ঘটনাস্থল ও হাসপাতালগুলোর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বাসের ফিটনেস ও নিরাপত্তা নিয়ে পুনরায় প্রশ্ন উঠেছে।