শহিদুল ইসলাম
এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৩২ পিএম
নীলফামারীতে দুর্ঘটনা -ছবি-দিনাজপুর টিভি
নীলফামারীতে বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় দুই সহোদর ভাই নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় প্রতিবেশী আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর দুই ছেলে সিহাব হোসেন ও মো. সোয়াদ।
বড় ভাই সিহাবের বয়স ১৯ বছর এবং ছোট ভাই সোয়াদের বয়স মাত্র ৬ বছর। তাদের সঙ্গে থাকা প্রতিবেশী মো. হোসেন এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। আহত হোসেনের বয়স ১০ বছর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী এক নারী ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তার চোখের সামনেই দ্রুতগতির ঘাতক ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ভাইকে পিষে দিয়ে চলে যায়। স্থানীয়রা জানান, ড্রাম ট্রাকটি সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে যাচ্ছিল। ট্রাকটির গতি ছিল অত্যন্ত বেপরোয়া।
চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে থাকা পথচারীদের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহত অবস্থায় মো. হোসেনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। গভীর রাতে ঘটা এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই সন্তানের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালক বা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছিল। সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি তুলেছেন এলাকাবাসী।