শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের পরে দুই শিশুর মরদেহ উদ্ধার

আবু সালেহ মোঃ রায়হান

এপ্রিল ১৭, ২০২৬, ০৯:২৯ পিএম

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের পরে দুই শিশুর মরদেহ উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার চেংঠীহাজরা ডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মী নারায়ণী বালাপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই হলেও তারা একই সাথে বন্ধুর মতো বেড়ে উঠেছে।

নিহত দুই শিশু হলো—দেবীগঞ্জ উপজেলার চেংঠীহাজরা ডাঙ্গা এলাকার রাশেদ হকের ছেলে রাজু ইসলাম (১০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের ছেলে লাম্মিম হোসেন (১৩)। রাজু স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি এবং লাম্মিম স্থানীয় ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জুমার নামাজের আগে গোসল করার জন্য তারা দুজনে লক্ষ্মী নারায়ণী বালাপাড়া এলাকায় করতোয়া নদীতে নামে। রাজু সাঁতার জানত না। 

গোসলের একপর্যায়ে রাজু নদীতে হাবুডুবু খেতে শুরু করলে লাম্মিম তাকে বাঁচাতে যায়। সেই সময় তারা দুজনেই নদীর গভীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা দুপুরের পর থেকে খোঁজাখুঁজি শুরু করেন।নদীর পাড়ে শিশুদের জুতা পড়ে থাকতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। পরে তারা নদীতে নেমে তল্লাশি শুরু করেন। বিকেল ৩টার দিকে প্রথমে রাজুর মরদেহ খুঁজে পাওয়া যায়। তবে লাম্মিম তখনও নিখোঁজ ছিল। 

খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে লাম্মিমের মরদেহও উদ্ধার করা সম্ভব হয়।দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. মাইনুদ্দিন জানান, স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লাম্মিম হোসেনের বাবার সাথে তার মায়ের বিচ্ছেদের পর থেকে সে তার মামাবাড়িতেই থাকত। তার মা ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। ছোটবেলা থেকেই রাজু ও লাম্মিম একে অপরের ঘনিষ্ঠ ছিল।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, নিহত দুই শিশুর মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। জুমার দিনে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।