বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

শহিদুল ইসলাম

এপ্রিল ২৯, ২০২৬, ১০:২৩ পিএম

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

পলাশবাড়ীতে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল।

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমিন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে পলাশবাড়ী বাজার থেকে একটি ‍‍`জিক্সার‍‍` ব্র্যান্ডের মোটরসাইকেলে করে নিজ বাসায় ফিরছিলেন আমিন ও তাঁর সঙ্গী মুরাদ (১৮)। 

পথে পলাশবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারীর সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে চালক আমিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাশে থাকা এক সাইকেল আরোহীকে আঘাত করেন এবং রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক পাকা খুঁটির সাথে সজোরে ধাক্কা খান।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেল চালক আমিন, তাঁর পেছনে থাকা মুরাদ এবং সংশ্লিষ্ট আরও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) প্রেরণ করা হয়। 

বর্তমানে তাঁরা সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।নিহত আমিন (৩০) ওই এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনার সময় তিনি নিজেই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।