রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ০৪:০১ পিএম

বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে শ্রমিকদের অবরোধ।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড়ে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন আজিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (২ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে বিকাল ৩টা ৪৮ মিনিট পর্যন্ত। দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, শ্রমিকদের অবরোধের কারণে চট্টগ্রামের ওই রুটে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকা পড়ে। বিশেষ করে রাঙামাটির কাপ্তাই, রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও মোহরা এলাকার যাত্রীরা দীর্ঘ সময় ভোগান্তির শিকার হন। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, গত বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসের ওভারটাইমের টাকা এখনো পরিশোধ করা হয়নি। এ ছাড়া প্রতি মাসেই বেতন দিতে দেরি করে আজিম গ্রুপ কর্তৃপক্ষ। সামনে ঈদুল আজহা উপলক্ষে বোনাস এবং মে মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিও জানান শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তবে জেলা শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, ওই প্রতিষ্ঠানের কোনো নিয়মিত বেতন বকেয়া নেই। অর্ডার না থাকা সত্ত্বেও তারা নিয়মিত বেতন পরিশোধ করে আসছে। এরপরও শ্রমিকদের একটি অংশ তাঁদেরকে রাস্তায় নামিয়ে আনে। পুলিশ সুপার আরও জানান, কিছু ওভারটাইম বকেয়া ছিল যা মালিক পক্ষ পরিশোধের অঙ্গীকার করেছিল। কিন্তু তার আগেই শ্রমিকরা সড়কে নেমে আন্দোলন শুরু করেন।

বর্তমানে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে। শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। বিকাল ৪টার পর থেকে ওই এলাকায় ধীরে ধীরে যান চলাচল শুরু হলেও যানজটের রেশ কাটতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ট্রাফিক পুলিশ বিভাগ জানিয়েছে।