মে ৪, ২০২৬, ০৮:৪২ পিএম
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় সোমবার (৪ মে) বিকেলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তাঁর দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭) এবং ভাতিজি জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন। এ ঘটনায় নিহত সিএনজিচালিত অটোরিকশা চালকের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল ‘রিফাত পরিবহন’-এর একটি বাস। জালালপুর এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ লেন পরিবর্তন করে বিপরীতমুখী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে দূরে ছিটকে পড়ে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়।
ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও যাত্রী ইউসুফ আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নিলুফা আক্তার, কেয়া আক্তার ও মো. শাহাব উদ্দিনকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের মরদেহ সুনামগঞ্জে রয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। পুলিশ যানবাহন দুটি জব্দ করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন