মে ১০, ২০২৬, ০৩:১৭ পিএম
চট্টগ্রামের আনোয়ারায় হালিমা আক্তার মুন্নি (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) সকালে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকার নবী হোসেন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত মুন্নি রায়পুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাঞ্চন মুন্সির বাড়ির মো. ইসহাকের মেয়ে।
তিন বছর আগে পশ্চিম বরৈয়া কালু মাঝির বাড়ির মিজানুর রহমানের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। তাদের সংসারে এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার পর থেকে স্বামী মিজানুর ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
নিহতের বাবা মো. ইসহাক অভিযোগ করেন, সকালে তার মেয়ের স্বামী ফোন করে আত্মহত্যার খবর দেন। তবে ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন মুন্নির দেহ শাড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হলেও পা মাটির সাথে লেগে ছিল। তার দাবি, মুন্নিকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মুন্নিকে প্রায়ই নির্যাতন করত। এ নিয়ে এর আগে কয়েকবার স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়েছিল। নিহতের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ জানতে পেরেছে যে ওই গৃহবধূকে আগে একাধিকবার মারধর করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন