বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে সরকারি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে ব্রিফিং

আবু সালেহ মোঃ রায়হান

মে ১৩, ২০২৬, ০৩:০৩ পিএম

পঞ্চগড়ে সরকারি ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে ব্রিফিং

ছবি-দিনাজপুর টিভি

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষিত ইশতেহারের ধারাবাহিক বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এ ছাড়া জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালু, বৃক্ষরোপণ অভিযান, নারীদের স্বাবলম্বী করতে গাড়ি প্রদান এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তথ্য কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী গত ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন। এর ফলে প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক সুবিধা পাবেন। এ ছাড়া গত ১৬ মার্চ থেকে আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার ভরাট হয়ে যাওয়া খাল ও জলাধার পুনঃখননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কৃষি ঋণ মওকুফ সংক্রান্ত তথ্যে জানানো হয়, সারাদেশে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ১২ লক্ষ কৃষকের ঋণ মওকুফ করতে সরকারের খরচ হয়েছে ১৫ শত ৬৭ কোটি ৯৬ লাখ টাকা। একই সাথে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ গণপরিবহন হিসেবে ‘নারীর জন্য গাড়ি’ প্রদানের পরিকল্পনাও বাস্তবায়িত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন বলেন, কৃষক কার্ড কর্মসূচি দেশের কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়। এটি এক ছাতার নিচে একাধিক সেবা প্রাপ্তি নিশ্চিত করার একটি যুগান্তকারী উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা প্রাথমিকভাবে ১০ ধরণের সুবিধা পাবেন। পর্যায়ক্রমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে।

অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে সরকার ঘোষিত বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচারণায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।