মে ১৬, ২০২৬, ০১:৪০ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকের ধাক্কায় বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত নারীর স্বামী জাহিদুল ইসলাম (৩৮) এবং তাদের তিন বছর বয়সী শিশু সন্তান আব্দুর রহমান গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় শিশু আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্তান আব্দুর রহমানের কানের চিকিৎসার জন্য জাহিদুল ইসলাম নিজের ব্যাটারিচালিত ভ্যানে করে স্ত্রীকে নিয়ে ডোমার উপজেলা বাজারে গিয়েছিলেন।
সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ তীব্র ঝড়বৃষ্টি শুরু হয়। দেবীগঞ্জের ফার্মগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের তীব্র লাইটের আলোয় চালক জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে নির্মাণকাজের জন্য রাখা একটি বালুর ঢিবিতে ধাক্কা খান।
এতে ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়লে জাহিদুলের স্ত্রী বিথী আক্তার ওই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা `মারুফ অ্যান্ড আবিদ পরিবহন` নামের ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারী কৌশলে পালিয়ে যায়।
এই ঘটনার জেরে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। দেবীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন