মে ১৭, ২০২৬, ০৭:২৫ পিএম
আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৮ মে) রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন কাপাশিয়া ফিডারের অধীনে থাকা এলাকাগুলো এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় পড়বে।
এই ফিডারের সোর্স থেকে শুরু করে কাপাশিয়া মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ পর্যন্ত বিস্তৃত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া এবং সমসাদিপুর এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ পাবেন না। এছাড়া মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর এলাকাতেও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
সাময়িক এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে সংশ্লিষ্ট এলাকার সম্মানিত গ্রাহকদের যে সাময়িক অসুবিধা হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ। নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন