রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

আবু সালেহ মোঃ রায়হান

মে ১৮, ২০২৬, ০৬:৪৮ পিএম

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

ছবি-দিনাজপুর টিভি

শরীয়তপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে  চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। 

দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের পাশে এই প্রতিবাদ সমাবেশ করা হয়।বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মকর্তা এবং চিকিৎসকেরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন যে চিকিৎসাধীন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডা. নাসির ইসলামের ওপর এই বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থাকে বড় ধরনের সংকটের মুখে ফেলছে। 

অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা। একই সাথে দেশের সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়।নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানান বক্তারা। 

মানববন্ধনে অ্যাসোসিয়েশনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি ডা. মো. খালেদ তৌহিদ পুলক উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক দুলাল ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বেসরকারি ক্লিনিক মালিকরা সেখানে উপস্থিত ছিলেন।