মে ২০, ২০২৬, ১০:১২ এএম
ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক। সম্পর্কে তারা বন্ধু ছিলেন।দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন।
পথে একটি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে একটি লাশ ঠাকুরগাঁও মর্গে এবং অপরটি হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন