মে ২০, ২০২৬, ০৫:৪০ পিএম
নারায়ণগঞ্জের ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। বেহাল রাস্তার কারণে বিকল্প পথে যানবাহনের বাড়তি চাপ গিয়ে পড়েছে তিন মহাসড়কে। বুধবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।দুপুরে মদনপুর, কাঁচপুর, শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় থেমে থেমে যান চলাচল করতে দেখা গেছে।
পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে ছিল। এতে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। ভুলতা সড়কের অবস্থা খারাপ হওয়ায় বাধ্য হয়ে বিকল্প পথ ধরেছেন বলে জানান এক ট্রাকচালক। কিন্তু সেখানে এসেও তাকে দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে।
গত কয়েকদিন ধরেই ভুলতা-গাউছিয়া সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প পথে গাড়ির চাপ বাড়ছে। দ্রুত এই সড়ক সংস্কার করা না হলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন।অতিরিক্ত যানবাহনের এই চাপ সামাল দিতে না পারায় মূলত পুরো এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. শামীম শেখ জানান এই ভাঙনের কারণেই তিন মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য রাস্তায় কাজ করছেন। তবে গাড়ির বাড়তি চাপ থাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে তিনি নিশ্চিত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন