শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড় সীমান্তে বিএসএফের হাতে আটক নারী ও শিশু ফেরত

আবু সালেহ মোঃ রায়হান

মে ২৩, ২০২৬, ০১:৪৯ পিএম

পঞ্চগড় সীমান্তে বিএসএফের হাতে আটক নারী ও শিশু ফেরত

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় সীমান্তে বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশি নারী ও তাঁর তিন বছরের শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ হতে ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ফেরত আসা ব্যক্তিরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন এবং তাঁর মেয়ে আয়েশা খাতুন।

রাতেই বিজিবির মাধুপাড়া ক্যাম্পের সদস্যরা আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ওই নারী তাঁর কন্যাসন্তানকে নিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। 

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের একটি টহল দল ভারতের অভ্যন্তর থেকে তাঁদের আটক করে বিজিবিকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে রাত ৭টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি বিশেষ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

সেখানে আটক ব্যক্তিদের নাগরিকত্ব ও পরিচয় যাচাই-বাছাই শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে তাঁদের বিজিবির নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়।এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে রাতেই পাসপোর্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ওই নারী পূর্বেও একবার ভারতে গিয়েছিলেন এবং সেখানে তাঁর অপর এক স্বামী অবস্থান করায় তিনি তাঁর কাছেই যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পুলিশি পাহারায় আজ শনিবার দুপুরেই তাঁদের কুষ্টিয়া বা স্থানীয় সংশ্লিষ্ট আদালতে হাজির করার কথা রয়েছে। পুলিশ পুরো ঘটনার আইনি প্রক্রিয়া তদারকি করছে।