বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে গুমে নিখোঁজদের স্মরণে মানববন্ধন

আবু সালেহ মোঃ রায়হান

মে ২৩, ২০২৬, ০৪:৫৩ পিএম

পঞ্চগড়ে গুমে নিখোঁজদের স্মরণে মানববন্ধন

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে আয়োজিত এক মানববন্ধনে নিখোঁজ সন্তানের হাড় হলেও ফেরত চান বলে আকুতি জানিয়েছেন মা মিনারা বেগম। আন্তর্জাতিক গুমের শিকার নিখোঁজদের স্মরণ সপ্তাহ উপলক্ষে শনিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকেরা অংশ নেন।

ইমাম হাসান নামের ওই তরুণকে দীর্ঘ চোদ্দ বছর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল।পরিবারের দাবি অনুযায়ী, ২০১২ সালের ৫ মার্চ ঢাকার ফার্মগেট এলাকা থেকে ইমাম হাসানকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান মেলেনি। 

মায়েরা এখনও তাঁদের সন্তানদের ফিরে পাওয়ার আশায় পথ চেয়ে বসে আছেন। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল এবং মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন রনিক গুমের এই সংস্কৃতি বন্ধের জোর দাবি জানান। 

শেখ সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, হাসিবুল ইসলাম ও মানিক উদ্দীন এ সময় উপস্থিত ছিলেন।বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া নজিরবিহীন গুমের ঘটনাগুলোর তীব্র সমালোচনা করেন।অনুষ্ঠানে অধিকার পঞ্চগড়ের ফোকাল পার্সন সফিকুল আলম গুমের শিকার পরিবারগুলোর দুর্দশা লাঘবে রাষ্ট্রীয় সহযোগিতার দাবি জানান।

 মানবাধিকার কর্মীরা সরকারের কাছে অবিলম্বে গুম প্রতিরোধ আইন পাস করা এবং নিখোঁজ ব্যক্তিদের ব্যাংক হিসাব ও সম্পত্তি পরিবারের ভোগের আইনগত ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারতে এখনও কেউ গুম অবস্থায় আটকে আছে কি না, তা নিশ্চিতে বিশেষ কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।