শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৬:৫৮ পিএম

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অংক্যমং তংচঙ্গ্যা, চোপোচিং চাকমা ও চিংক্ষং চাকমা; তারা সবাই স্থানীয় ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সীমান্ত এলাকায় চলাচলে কঠোর বিধিনিষেধ থাকলেও অনেক স্থানীয় ব্যক্তি তা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে প্রবেশ করেন। সকালে তারা পাহাড়ে নিজেদের কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন। ফেরার পথে মাইন বিস্ফোরণের শিকার হন তারা।একজনকে উদ্ধার করতে গিয়ে বাকি দুইজন বিস্ফোরণের কবলে পড়েন।

ইউপি সদস্য বাবুল চাকমা জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা দুর্গম পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো দেখতে পান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিজিবি সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।