বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ১০:৪৮ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

মহাসড়কে যানবাহনের চাপ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার ভোররাত থেকে যমুনা সেতু থেকে মির্জাপুর পর্যন্ত এই দীর্ঘ এলাকাজুড়ে কোথাও থেমে থেমে, আবার কোথাও দীর্ঘক্ষণ স্থির হয়ে আছে যানবাহন। 

অতিরিক্ত যানবাহনের চাপ, বৈরী আবহাওয়া, সড়ক দুর্ঘটনা এবং রাতে সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।সেতুর দুই পাশেই গাড়ির প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।

ঈদযাত্রার শেষ সময়ে নাড়ির টানে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস না পেয়ে অনেকে খোলা ট্রাক, পিকআপ এবং বাসের ছাদে করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করছেন যাত্রীরা। টানা বৃষ্টির কারণে মোটরসাইকেল আরোহী নারী ও শিশুদের কষ্ট সবচেয়ে বেশি দেখা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। 

টাঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, অতিরিক্ত গাড়ির চাপের কারণে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।