মে ২৭, ২০২৬, ১১:৪৯ এএম
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হচ্ছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা নতুন পোশাকে ঈদগাহ মাঠে সমবেত হতে শুরু করেন।
সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়।এই প্রধান জামাতে ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।
দরবার শরীফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী জানান, আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মুসল্লি এবারও ঈদের নামাজে অংশ নিয়েছেন। ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, টোরা ঈদগাহ্ ও হাফেজিয়া মাদ্রাসা মাঠেও উৎসবমুখর পরিবেশে আগাম ঈদের সালাত আদায় করা হয়েছে।
মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।নামাজ শেষে বৃষ্টির কারণে মুসল্লিদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের তৎকালীন পীর মরহুম মাওলানা ইসহাক সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপনের প্রথা চালু করেন।
তাঁর অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই দিনে ঈদ পালন করে আসছেন। হাজীগঞ্জের সমেশপুর, অলিপুর, বলাখাল, ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, গল্লাক, সোনাচোঁ এবং মতলব উত্তর ও শাহরাস্তির বিভিন্ন গ্রামে এই রীতি চালু আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাহ এলাকায় পুলিশ মোতায়েন ছিল।শত বছরের পুরনো এই প্রথা স্থানীয়দের ধর্মীয় ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন